Country

2 years ago

CBI - Satyapal Malik :মোদি বিরোধিতার জের?কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাড়িতে সিবিআই তল্লাশি

Satya Pal Malik
Satya Pal Malik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের (Lok Sabha Vote 2024) আগে বিরোধীদের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। সেই দীর্ঘ তালিকায় নয়া সংযোজন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। বৃহস্পতিবার সাতসকালে মালিকের ঠিকানায় তল্লাশি চালাল সিবিআই।সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে জম্মু ও কাশ্মীরের কিরু জলবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে বৃহস্পতিবার দেশের মোট ২৯টি ঠিকানায় হানাদারি শুরু হয়েছে।

মোদী জমানায় জম্মু-কাশ্মীর-সহ চারটি রাজ্যের রাজ্যপালের পদে থাকা বিজেপি নেতা সত্যপাল গত বছর একটি সাক্ষাৎকারে অভিযোগ তুলেছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হানায় ৪০ জন জওয়ানের মৃত্যুর পরে খোদ প্রধানমন্ত্রী মোদী তাঁকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন। কারণ, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতি, নিরাপত্তায় ফাঁক থাকার ফলেই কনভয়ে হামলা হয়েছে।

সত্যপালের দাবি, প্রধানমন্ত্রী তাঁকে ‘নির্দেশ’ দিয়েছিলেন, এটি অন্য বিষয়। সত্যপাল যেন মুখ বন্ধ রাখেন। ওই সাক্ষাৎকারেই সত্যপাল আভাস দিয়েছিলেন, পুলওয়ামায় জওয়ানদের মৃত্যুকে রাজনৈতিক ভাবে কাজে লাগানো হয়ে থাকতে পারে। ঘটনাচক্রে, গত লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ ভোটারদের উদ্দেশে বলেছিলেন, ‘‘প্রথম বারের ভোটারদের বলছি, আপনাদের প্রথম ভোট পুলওয়ামায় যে সব বীর শহিদ হয়েছেন, তাঁদের নামে সমর্পিত হতে পারে!’’

ওই সাক্ষাৎকারেই সত্যপাল অভিযোগ করেছিলেন, ২০১৮ সালের অগস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত জম্মু-কাশ্মীরের রাজ্যপাল হিসাবে ৩০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব এসেছিল দু’টি ফাইল ছাড়ার জন্য। সিবিআই দু’টি এফআইআর রুজু করে। একটি কিরু জলবিদ্যুৎ প্রকল্প এবং অন্যটি রিলায়্যান্স জেনারেল ইনশিওরেন্স সংক্রান্ত। সেই অভিযোগের জেরে গত বছর সিবিআই জিজ্ঞাসাবাদও করেছিল তাঁকে। যদিও তিনি ‘অভিযুক্ত’ কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি কেন্দ্রীয় সংস্থার তরফে।

২০১৯ সালে একটি বেসরকারি সংস্থাকে ‘কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট’ (এইচইপি)-এর নির্মাণ সংক্রান্ত ২,২০০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়ায় কোনও দুর্নীতি হয়েছিল কি না, তার তদন্ত করছে সিবিআই। কিরুকাণ্ডের পাশাপাশি এর আগে জম্মু ও কাশ্মীরে রাজ্য সরকারি কর্মীদের জন্য রিলায়্যান্স বিমা মামলা নিয়ে সত্যপালকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।


You might also like!