
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। আবার অন্যদিকে বছর ঘুরলেই লোকসভা ভোটও। ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গিয়েছে কর্নাটক। অথচ রান্নার গ্যাসের দাম গগনচুম্বী। যার জেরে কার্যত হয়রানির শিকার সাধারণ মানুষ। অপরদিকে উল্লেখিত এই বিষয় নিয়ে মোদী সরকারের দিকেই আঙুল তুলছে কংগ্রেস। তাই এবার চাপের মুখে পড়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর কথা বিবেচনা করতে বাধ্য হচ্ছে মোদী সরকার। শুধু তাই নয়, এমনকি নির্বাচনের কথা মাথায় রেখে পেট্রল-ডিজ়েলের দামেও বদল আনতে তৎপর সরকার। এক্ষেত্রে উৎপাদন শুল্ক ছাঁটাই হতে পারে বলে সরকারিসুত্র মারফত খবর।
রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১১০০ টাকার বেশি। বিজেপির রাজ্য নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, এই চড়া দাম মেনে নিচ্ছেন না নরেন্দ্র মোদীর ‘বিশ্বস্ত’ মহিলা ভোটব্যাঙ্ক। অথচ রাজস্থানে কংগ্রেস সরকার ৫০০ টাকা দামে গ্যাসের সিলিন্ডার দিচ্ছে। মধ্যপ্রদেশেও কংগ্রেস ক্ষমতায় এলে, ওই একই দামে সিলিন্ডার মিলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই চাপের মুখে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট ও আগামী বছরের লোকসভা ভোটের কথা মাথায় রেখেই গ্যাসের দাম কমানোর ভাবনা।
