
মুজফ্ফরপুর, ১৫ সেপ্টেম্বর : বিহারের মুজফ্ফরপুর জেলায় বাগমতী নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও খোঁজ মেলেনি ৮-১০ জন পড়ুয়ার। নিখোঁজ পড়ুয়াদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু''টি নিরন্তর খোঁজ চালিয়ে যাচ্ছে। শুক্রবার সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ড্যান্ট জে পি প্রসাদ বলেছেন, গতকাল থেকেই এনডিআরএফ-এর টিম তল্লাশি চালিয়ে যাচ্ছে। ডুবে যাওয়া শিশুদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু''টি টিম এখানে রয়েছে।"
তিনি আরও জানিয়েছেন, ৮-১০টি শিশু নিখোঁজ রয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই শিশুদের উদ্ধার করা হবে। ঠিক কতজন শিশু ছিল নৌকায় তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট থেকে এগারোটার মধ্যে মর্মান্তিক ঘটনাটি ঘটে মুজফ্ফরপুরের বেনিয়াবাদ এলাকায়। বৃহস্পতিবারই ১৫-২০ জন স্কুল পড়ুয়াকে উদ্ধার করা হয়, এখনও ৮-১০ জন পড়ুয়ার কোনও খোঁজ পাওয়া যায়নি। মুজফ্ফরপুরের দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার অজয় কুমার বলেছেন, "এখনও পর্যন্ত ১০ জন নিখোঁজ, ১৫-২০ জনকে উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।"
