
নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য ৩৫ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় তিনজন তপশিলি জাতি ও পাঁচজন তপশিলি উপজাতি নেতার নাম রয়েছে। একজন মহিলা প্রার্থীর নামও রয়েছে তালিকায়।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য ৩৫ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা।
ভারতীয় জনতা পার্টি মেদক বিধানসভা কেন্দ্র থেকে পাঞ্জা বিজয় কুমার, লাল বাহাদুর নগর থেকে সামা রাঙ্গা রেড্ডি, মুশিরাবাদ থেকে পুসা রাজু, সনাথনগর থেকে মেরি শশীধর রেড্ডিকে প্রার্থী হিসেবে টিকিট দিয়েছে। অন্যদিকে, হুজুরনগরের একমাত্র মহিলা প্রার্থী চল্লা শ্রীলতা রেড্ডিকেও টিকিট দেওয়া হয়েছে। চল্লা শ্রীলতা রেড্ডি বিআরএস প্রার্থী শানমপুদি সাইদিরেড্ডির বিরুদ্ধে লড়বেন।
