
নয়াদিল্লি, ৬ এপ্রিল : বিজেপিই ভারতের অন্যতম পছন্দের দল, স্থাপনা দিবসে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শনিবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, "ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে পরিশ্রমী কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, বিজেপি দেশের সবচেয়ে পছন্দের দল, যা ‘রাষ্ট্র সর্বাগ্রে’-র মন্ত্র নিয়ে কাজ করে।"
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও লেখেন, "দেশকে দুর্নীতি, স্বজনপ্রীতি, জাতপাত, সাম্প্রদায়িকতা ও ভোটব্যাঙ্কের রাজনীতি থেকে মুক্ত করতে আমাদের দল বদ্ধপরিকর। দশকের পর দশক শাসন করা দলগুলি এই রাজনৈতিক সংস্কৃতিকে দেশের পরিচয়ে পরিণত করেছিল। নতুন ভারতে পরিচ্ছন্ন ও স্বচ্ছ শাসনের কারণে, উন্নয়নের সুফল এখন কোনও বৈষম্য ছাড়াই শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দরিদ্রদের কাছে পৌঁছে যাচ্ছে।"
