Country

2 years ago

Lok Sabha 2024 :১৫ বছর পর NDA-তে ‘ঘর ওয়াপসি’ হতে পারে BJD-র,, ওড়িশায় তুঙ্গে জল্পনা

BJP-BJD Alliance
BJP-BJD Alliance

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) যতই এগিয়ে আসছে, ততই বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এবার আরও এক নতুন সমীকরণের সম্ভাবনা। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই বিজেপি (BJP)-র সঙ্গে হাত মেলাতে পারে ওড়িশার শাসক দল বিজু জনতা দল (Biju Janata Dal)। সূত্রের দাবি, নবীন পট্টনায়কের (Naveen Patnaik) দলকে জোটে টানতে আগ্রহী গেরুয়া শিবির। প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বিজেডির অন্দরেও।

আসলে এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) NDA জোটকে ৪০০ আসনের টার্গেট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই টার্গেট পূরণ করতে হলে নতুন জোটসঙ্গী দরকার বিজেপির। বিজেডি এবং বিজেপি অনেকাংশে সমমনোভাবাপন্ন। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, সরাসরি না হলেও পরোক্ষে বিজেপিকে মদত দিয়ে এসেছে বিজেডি। রাজ্যসভায় একাধিক বিল পাশে মোদির পাশে দাঁড়িয়েছেন পট্টনায়েক। এবার দুই শিবিরের সরাসরি জোট আলোচনা শুরু হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে বিজেডির শীর্ষ নেতৃত্বের। একই সঙ্গে দিল্লিতেও বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিজেডির এক নেতা। দুই বৈঠক শেষে বিজু জনতা দলের সহ সভাপতি দেবীপ্রসাদ মিশ্র জানিয়েছেন, “বিজেপির সঙ্গে জোট নিয়ে বিস্তারিত আলোচনা হলেও, সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা ওড়িশার স্বার্থ দেখব সবার আগে।” আসলে ২০৩৬ সালে ওড়িশার রাজ্যের মর্যাদা পাওয়ার ১০০ বছর পূর্ণ হবে। বিজেডি চাইছে যেনতেন প্রকারে ততদিন ক্ষমতায় থাকতে। অন্যদিকে, বিজেপি সাংসদ জুয়াল ওরামও জোট আলোচনার সত্যতা স্বীকার করেছেন। কিন্তু, কোনওপক্ষই এখনও সরকারি সিলমোহর দেয়নি।

আসলে জোটের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল আসনরফা। ওড়িশায় বিজেডির মূল প্রতিপক্ষই বিজেপি। গতবারও ২১ আসনের মধ্যে বিজেডি ১২টি এবং বিজেপি ৮টি আসন জিতেছিল। স্বাভাবিকভাবেই কে কোন আসনে লড়বে তা নিয়ে একটা বিতর্কের জায়গা এখনও রয়েছে। তবে সূত্রের দাবি, জোট হলে বেশিরভাগ লোকসভা আসনে লড়বে বিজেপি। আর অধিকাংশ বিধানসভা আসনে লড়বে বিজেডি। মজার কথা হল, বিজেপি আর বিজেডির মধ্য জোট হলে ওড়িশার রাজনীতিতে বিরোধী বলতে পড়ে থাকবে শুধু ‘প্রান্তিক শক্তি’ কংগ্রেস (Congress)। তবে বিজেপি এবং বিজেডির জোট প্রথম নয়। এর আগে ২০০৯ পর্যন্ত এই দুই শিবিরের জোট ছিল। সেসময় অবশ্য ওড়িশায় শক্তিশালী ছিল কংগ্রেস। তুলনায় দুর্বল ছিল বিজেপি।


You might also like!