
পটনা, ১০ ফেব্রুয়ারি : এবার প্রেমিকের গুলিতে মৃত্যু হল পুলিশের। ঘটনা ঘটেছে বিহারে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিহারের কাটিহারের ভাটওয়ারা পঞ্চায়েতের কোধা এলাকায় এক যুবক তাঁর মহিলা পুলিশকর্মী প্রেমিকাকে গুলি করে হত্যা করে। মৃত ওই কনস্টেবলের নাম প্রভা কুমারি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ঘটনার সঙ্গে সাতজন জড়িত আছে। তাদের মধ্যে এক যুবককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত ছোটু ওরফে আরশাদ এখনও পলাতক। বাকিদের খোঁজে ওই যুববকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরশাদের সঙ্গে প্রভার সম্পর্কের কথা চাপা দিতে চেয়েছিল নিহত ওই কনস্টেবলের পরিবারের লোকজন। পরে পুলিশের চাপে সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেন পরিবার। জানা যায়, দীর্ঘদিনের সম্পর্কে জড়িত ছিল প্রভা ও আরশাদ। কিন্তু আচমকাই প্রভা আরশাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেন। তারপর থেকেই আরশাদ তাঁকে হুমকি দিয়ে ফোন করতে থাকত বলে অভিযোগ পরিবারের। এর পরিনাম যে এতটাই ভয়ানক হবে, কেউ আগেভাগে টেরই পায়নি।
