
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের কথা মাথায় রেখে ইতি মধ্যেই বিরোধী জোট তৈরীর কাজে নেমে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ক’দিন আগেই লালু-পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে তিনি এসেছিলেন কলকাতায়। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধীদের একজোট করা নিয়ে আলোচনাও হয়েছিল। এ বার সেই মর্মেই ওড়িশা পাড়ি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী।
বৈঠক করলেন মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে। তবে বৈঠকে বিরোধী জোট নিয়ে কিছু আলোচনা হয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নবীনের সঙ্গে পুরনো সম্পর্কের স্মৃতিচারণেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন নীতীশ।
ওড়িশার মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের সফর সম্পর্কে বলেন, ‘‘আমাদের বন্ধুত্ব বহু পুরনো। বহু বছর আগে আমরা সহকর্মীও ছিলাম। তবে কোনও জোট নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি।’’ প্রসঙ্গত, অটলবিহারীর মন্ত্রিসভায় একসঙ্গে ছিলেন নীতীশ এবং নবীন। স্বভাবতই দু’জনের সম্পর্ক বহু পুরনো।
প্রসঙ্গত, নিতীশ কুমার আগামী ১৮ মে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বড় বৈঠকের পরিকল্পনা করছেন দিল্লিতে। তারই অঙ্গ হিসাবে নীতীশ বুধবার দেখা করতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেনের সঙ্গে। এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনার উদ্ধব শিবিরের নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও বৃহস্পতিবার দেখা করতে যাচ্ছেন নীতীশ।
