Country

2 years ago

Odisha train accident:ওডিশা ট্রেন দুর্ঘটনা: বালেশ্বর রেলের মেরামতির কাজ চলছে দ্রুতগতিতে

Baleshwar railway repair work is going on fast
Baleshwar railway repair work is going on fast

 

বালেশ্বর(ওডিশা), ৪ জুন  : বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৩৬ ঘণ্টা। উদ্ধারের কাজ প্রায় শেষ করে মেরামতির কাজে হাত লাগিয়েছে রেল। রবিবার সকাল পর্যন্ত সেই কাজের প্রক্রিয়া শুরু হয়েছে বলে রেলের তরফে জানা গিয়েছে।

রবিবার সকালে দক্ষিণ-পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, বালেশ্বরের দুর্ঘটনাস্থলে মেরামতির কাজ অনেকটাই এগিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কামরাগুলি লাইনের উপর থেকে সরানো গিয়েছে। কামরা মেরামতির কাজ চলছে। সেই সঙ্গে সমান্তরালেই চলছে রেললাইন সারানোর কাজও।

রেল জানিয়েছে, শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের যে ২১টি কামরা লাইনচ্যুত হয়েছিল বা লাইনের উপর আটকে ছিল, সেগুলি আপাতত সরানো হয়েছে। ভেঙে যাওয়া কামরার অংশবিশেষ, যন্ত্রপাতি, চাকা ইত্যাদি এখন দুর্ঘটনাস্থল থেকে পরিষ্কার করা হচ্ছে।

ঘটনাস্থলে কাজ করছে রেলের তিনটি মালগাড়ি এবং ক্রেন। উন্নত প্রযুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব এলাকা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার অভিঘাতে ওই এলাকার রেললাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই লাইন সংযোগের কাজও চলছে জোরকদমে। রেল সূত্রে খবর, অন্তত একটি লাইনে যাতে দ্রুত ট্রেন চালানো যায়, সেই ব্যবস্থা করছে রেল।



You might also like!