
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যোগগুরু রাম দেব কে নিয়ে বিতর্কের শেষ নেই, বছর খানেক আগেই মহিলাদের নিয়ে একটি মন্তব্যের জেরে সমালোচনা শুরু হয়েছিল তাঁকে নিয়ে। এবার পতঞ্জলির প্রতিষ্ঠাতা, যোগগুরু রামদেবকে দেখা গেল একটি বিলাসবহুল ব্র্যান্ড নিউ ল্যান্ড রোভার গাড়ি চালাতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে রামদেবকে যে গাড়িটিতে চড়তে দেখা যাচ্ছে সেটি একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার ১৩০, যেটি ভারতে লঞ্চ হয়েছে এই বছরই।সম্প্রতি সেটির ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। বিলাসবহুল এই এসইউভি গাড়িটির দাম ভারতে ১.৫ কোটি টাকা। ভিডিওতে রামদেবকে যে গাড়িটিতে চড়তে দেখা যাচ্ছে, সেটির রঙ সেডোনা রেড।যোগগুরু যদিও গাড়িটি কিনেছেন কিনা স্পষ্ট নয়। তবে তাঁকে উত্তরপ্রদেশের হরিদ্বারে টেস্ট রাইড হিসেবে চালকের আসনে বসে গাড়িটি চালাতে দেখা গেছে। গাড়ির ভিতর আরও কেউ ছিল।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে মুম্বইয়ে মহিলাদের জন্য আয়োজিত একটি যোগ প্রশিক্ষণ শিবিরে গিয়ে রামদেব বলেছিলেন, ‘মেয়েরা যদি আমার মতো কিছু না পরেও থাকে, তাহলেও তাদের সুন্দর দেখায়।’ যোগগুরুর মুখে একথা শুনে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যান সেখানে উপস্থিত সকলেই। সেই ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছিল নিন্দা-বিতর্ক। এবার ল্যান্ড রোভার ডিফেন্ডার ১৩০-র ড্রাইভ সিটে বসে রামদেব কে নিয়ে নতুন বিতর্ক শুরু হল।
