
ইম্ফল, ১৪ জুন: মণিপুরের একটি গির্জায় সন্ত্রাসবাদীদের এলোপাথাড়িগুলিতে প্রাণ হারালেন বেশ কয়েকজন ৷ মঙ্গলবার রাতে পূর্ব ইম্ফলের ওই গির্জায় জমায়েত হওয়া মানুষদের উপর অতর্কিতে হামলা চালানো হয়৷ ঘটনায় কমপক্ষে ৯ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন প্রায় ১৫ জন৷ গুলি চলার ঘটনার পর থেকে খামেনলোক গ্রামের ৪ থেকে ৫ জন নিখোঁজ বলে সূত্রের খবর। তবে, কারা গুলি চালায় এবং যারা মারা গিয়েছেন তাঁদের পরিচয় এখনও পরিষ্কার করে জানা যায়নি। বুধবার সকাল থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী এবং পুলিশ। প্রসঙ্গত, সোমবারও হামলা চালানো হয় খামেনলোক গ্রামে। সেখানে গুলিতে অন্তত ১০ জন আহত হন বলে জানা গিয়েছে। এছাড়াও সোমবারই গুলি চলে চুড়াচাঁদপুর জেলার লোকলাকফাই গ্রামে। ওই ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। সেখানে নতুন করে অশান্তি এবং হিংসা শুরুর পরে শান্তি কমিটি থেকে সরে আসার কথা জানিয়েছে মেইটি সম্প্রদায়ের লোকজন। ওই কমিটি বয়কট করার কথা বলা হয়েছে কুকি উপজাতির তরফেও। আরেক দিকে, ইম্ফল পশ্চিম জেলায় মৈরাংখোম এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা অনেকগুলি গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে। এই গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে রাফ-এর বিরুদ্ধে।
