
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড । শনিবার গভীর রাতে দাউদাউ করে জ্বলে উঠল কারখানা। ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ৬ শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। কারখানার ভিতরে এখনও বেশ কয়েকজন আটকে থাকার সম্ভাবনা।
শনিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে একটি গ্লাভস তৈরির কারখানায় আগুন লাগে। নিমেষেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ভিতরেই ঘুমোচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। স্থানীয় বাসিন্দারাই কারখানা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজও। পুলিশের তরফে জানানো হয়েছে, কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অবধি ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিদ্বগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। এদিকে রাতভর আগুন নেভানোর কাজ চলে। শেষ অবধি রবিবার ভোরে আগুন নেভানো সম্ভব হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত ১০টা নাগাদই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। ১০-১৫ জন শ্রমিক কারখানা চত্বরে ঘুমোচ্ছিল। হঠাৎই আগুন লেগে যায়। ভিতরে আটকে পড়েন শ্রমিকরা।
