
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লে থেকে নয়মার উদ্দেশে রওনা হয়েছিল ভারতীয় সেনার একটি গাড়ি। কিন্তু হঠাৎই রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায় কনভয়ের মধ্যে একটি গাড়ি। দুর্ঘটনা ঘটেছে কিয়ারি থেকে ৭ কিলোমিটার দূরে শনিবার বিকেলে পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে। ওই গাড়িতে ছিলেন দশজন। তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এক জন আহত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।
এই ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্রুত উদ্ধারকাজের কাজের জন্য় সেনা জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে (টুইটার) তিনি লেখেন, 'লাদাখের লে অঞ্চলের কাছে খাদে সেনাবাহিনীর গাড়ি উলটে পড়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দেশের প্রতি এই সেনাদের অবদান ভোলার নয়। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আশঙ্কাজনক অবস্থায় আরও এক সেনা জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'
