
নয়াদিল্লি: কথা ছিল মঙ্গলবার দিল্লি হাই কোর্টে মামলার শুনানি হবে। কিন্তু দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি। কারণ, অসুস্থ হয়ে পড়েছেন ইডি-র আইনজীবী এস ভি রাজু। যার জেরে এদিন আদালতে উপস্থিত হতে পারেননি তিনি। তাই আদালতের কাছে সময় চান ইডি। শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে আগামী ৩১ জুলাই।
এদিকে ইতিমধ্যেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের আইনজীবী অমিত কুমার। সূত্রের খবর কোনও বিষয় নিয়ে তীব্র 'মতবিরোধ' দেখা দিয়েছে বাবা অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের মধ্যে। আর তার জেরেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন সুকন্যা মণ্ডলের আইনজীবী অমিত কুমার। তিনি আর মামলা লড়তে চান না বলেও অনুব্রত-কন্যাকে জানিয়ে দিয়েছেন অমিত।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি অনুব্রত মণ্ডল। গ্রেফতার হয়েছেন কেষ্টর মেয়ে সুকন্যা মণ্ডলও। দু'জনেই এখন বন্দি দিল্লির তিহার জেলে। তবে এবার তাঁদের মধ্যে 'মতবিরোধ' তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। আর সেই কারণেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন সুকন্যা মণ্ডলের আইনজীবী অমিত কুমার।
