
কাঠমান্ডু, ২০ এপ্রিল : টানা ৩-দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সন্ধান মিলল 'নিখোঁজ' পর্বতারোহী অনুরাগ মালুর। বৃহস্পতিবার জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অনুরাগকে। সেভেন সামিট ট্রেকস থেকে মিংমা শেরপা জানিয়েছেন, অনুরাগ মালুকে অন্নপূর্ণা পর্বত থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে মণিপাল হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা পর্বত অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজস্থানের পর্বতারোহী অনুরাগ মালু। তাঁর সন্ধানে তল্লাশি অভিযান জারি ছিল। গত সোমবার ৬ হাজার মিটার উচ্চতায় ক্যাম্প থ্রী থেকে নামার সময় অনুরাগ পাহাড়ের খাঁজে পড়ে যান। সুসংহত উন্নয়নের লক্ষ্যে সচেতনতা বাড়াতে তিনি এই অভিযানে গিয়েছিলেন। স্থানীয় শেরপা ছাড়াও হেলিকপ্টারের মাধ্যমে খোঁজ চালানো হয়। সোমবার দুপুরে মাউন্ট অন্নপূর্ণার তৃতীয় ক্যাম্পের নীচের এলাকা থেকে ৩৪ বছরের এই পর্বতারোহীর খোঁজ মিলছিল না। অবশেষে বৃহস্পতিবার অনুরাগের খোঁজ মিলেছে এবং সে জীবিত রয়েছে।
