
নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও, গরু পাচার মামলায় পর পর তিন দিন দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। বুধবার আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত মণ্ডলের কন্যাকে। বৃহস্পতিবারও সকালে ঢুকে সন্ধ্যায় ইডি দফতর থেকে বেরিয়েছিলেন সুকন্যা।
এর পর শুক্রবার আবার বেলা ১১টা নাগাদ ইডি-র তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিক স্কুলের শিক্ষিকা হওয়া সত্ত্বেও সুকন্যার কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুকন্যাকে। দু’দিনের জিজ্ঞাসাবাদে সুকন্যা সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাঁকে বার বার ডাকা হচ্ছে। ওই দু’দিন ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। শুক্রবারও তাঁকে তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে।
