Country

59 minutes ago

Amit Shah: ছাত্র আন্দোলন থেকে পুলিশের ভূমিকা, সংসদে সব ইস্যুতে আলোচনায় রাজি অমিত শাহ

Home Minister Amit Shah
Home Minister Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সংসদে ছাত্র আন্দোলন এবং পুলিশের ভূমিকা নিয়ে আলোচনায় রাজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। দীর্ঘদিন ধরেই বিরোধীদের দাবি ছিল, সংসদে উপস্থিত হয়ে দিল্লিতে ছাত্রদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ কিংবা বিহারে একে-৪৭ তাক করার মতো বিতর্কিত ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্য স্পষ্ট করুন। এবার রিজিজু জানালেন, সংসদে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত অমিত শাহ। তবে একই সঙ্গে বিরোধীদের উদ্দেশে তাঁর আবেদন, আলোচনার সময় যেন কোনও ধরনের হাঙ্গামা বা বিশৃঙ্খলা তৈরি না করা হয়। 

তাঁর কথায়, ”সরকারের প্রস্তাবটি অত্যন্ত স্পষ্ট যে, তারা শিক্ষার্থীদের আন্দোলন এবং এই সংক্রান্ত কার্যকলাপ নিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত। কংগ্রেস-সহ বিরোধী দলের প্রতি আমার একমাত্র বক্তব্য হলো— আলোচনা ও তার জবাব দেওয়ার প্রক্রিয়া চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি প্রদানে বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলা করা উচিত নয়। বরং স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের বক্তব্য বা জবাব অবশ্যই শোনা উচিত।” এর আগে ছাত্র আন্দোলন নিয়ে শাহর মন্তব্য কেন নেই, এই প্রশ্ন তুলে তাঁকে আক্রমণ করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ”ওঁর নিষ্ক্রিয়তা প্রমাণ করে, শিক্ষার্থীদের উপরে হওয়া হামলার বিষয়টি তিনি সমর্থন করেন। তিনি কোনও তদন্তের নির্দেশ দেননি, এমনকী কোনো বিবৃতিও দেননি। তিনি সংসদে আসতে চাননি এবং আলোচনার দাবিতে বিরোধী দলের পক্ষ থেকে প্রতিদিন যে প্রস্তাবগুলি পেশ করা হয়েছে, সেগুলি সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে।” এহেন বিতর্কের মধ্যেই এবার অমিত শাহ জানিয়ে দিলেন, তিনি প্রস্তুত আলোচনায়।

নিটের প্রশ্নফাঁস কাণ্ডে তোলপাড় হয়েছিল দেশ। সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারি নিয়ে জেন জি-র তীব্র আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা পর্যন্ত দিতে হয়েছে। এই ‘ককরোচ’দের নেপথ্যে বিদেশি অনুদান বা সরকার বিরোধী ষড়যন্ত্রকারীদের কতটা কী হাত আছে, তা নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে সংসদে মুখ খুলে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেন, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

You might also like!