
নয়াদিল্লি, ২৩ অক্টোবর : রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমান ক্রমেই খারাপ হয়ে উঠছে। সোমবার সকালে দিল্লির বাতাসের গুণগতমানের সূচক বেড়ে প্রথমে ৩০৬ এবং পরে ৩০৯-এ পৌঁছয়, যা 'খুবই মন্দ' পর্যায়ে পড়ে। শুধুমাত্র দিল্লি নয়, রাজধানী লাগোয়া উত্তর প্রদেশের নয়ডার বাতাসের গুণমানও এদিন সকালে ছিল খারাপ পর্যায়ে। নয়ডায় বাতাসের গুণমানের সূচক বেড়ে ৩২২-এ পৌঁছয়। মন্দ ছিল বাণিজ্যনগরী মুম্বইয়ের বাতাবরণও।
দিল্লির নেহেরু পার্ক, তিন মূর্তি মার্গ, ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, আনন্দ বিহার-সর্বত্রই ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। ইতিমধ্যেই শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেছেন প্রাতঃভ্রমণকারীরা। সোমবার সকালে প্রাতঃভ্রমণকারীদের মধ্যে কয়েকজন বলেছেন, "আমি মনে করছি গত ১০-১২ দিন ধরে দিল্লিতে দূষণের মাত্রা বাড়ছে। আমরা এদিন সকালে নিজেদের চোখে তা অনুভব করতে পারছি।"
