
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমন ঘটনা সত্যি বিরল। 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' মূলত গৃহহীনদের মাথায় একটা ছাদ দেওয়ার জন্য। সেই টাকা এলাকার নেতারা অনেকেই হাপিস করেছে এমন খবর বার বার এসেছে। কিন্তু এই খবর চমকে ওঠার মতো। খবরে প্রকাশ, এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নিম্ন ও মধ্যম আয়ের নাগরিকরা বাড়ি তৈরির জন্য সরকারি অনুদান পেয়ে থাকেন। কেন্দ্রের এই প্রকল্প অনুযায়ী গৃহকর্তা ও পরিবারের এক মহিলা সদস্যকেও যৌথ অ্যাকাউন্ট করতে হয়। সেখানেই সরকারি অর্থপ্রদান করা হয়। সেভাবেই চারটি অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছিল।
ব্যস, প্রথম কিস্তির সেই ৫০ হাজার টাকা তুলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে উত্তর প্রদেশের চারজন মহিলা। মাথায় হাত পড়ে তাঁদের স্বামীদের। চার যুবকের অভিযোগ, স্ত্রী টাকা নিয়ে তাঁদের ছেড়ে পালিয়েছে। এদিকে বাড়ির কাজ শুরু না হওয়ায় প্রশাসন নোটিস পাঠাচ্ছে। বিপাকে পড়া যুবকেরা এখন বুঝতে পারছেন না কী করবেন। তবে তারা পুলিশ প্রশাসন সব কথা খুলে বলেছেন। এবং বলেছেন, পরবর্তী টাকা যেন ওই একাউন্টে না আসে। এমন খবর শুনে নাগরিক মহল স্তম্ভিত।
