
বৈশালী, ২৫ জুন: বিহারের বৈশালী জেলার হাজিপুরে একটি ডেয়ারিতে অ্যামোনিয়া গ্যাস লিকেজে অসুস্থ হয়ে প্রাণ হারালেন একজন শ্রমিক। এছাড়াও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০-৩৫ জন। বৈশালী জেলার রাজ ফ্রেশ ডেয়ারিতে ঘটনাটি ঘটেছে। রবিবার সকালে সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ শ্যাম নন্দন প্রসাদ বলেছেন, "বৈশালী জেলার রাজ ফ্রেশ ডেয়ারিতে অ্যামোনিয়াম সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও ৩০-৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন রোগীরা এখন স্থিতিশীল রয়েছেন।"
দমকলের ডিএসপি ডঃ অশোক কুমার বলেছেন, "রাজ ফ্রেশ ডেয়ারিতে অ্যামোনিয়াম সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এখনও পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে যে কিছু শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা লিকেজের কারণ অনুসন্ধান করছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।"
