
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন খারিজ করেছে কলকাতা হাই কোর্ট। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার অধিকারের পক্ষে সওয়াল করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, একজন ব্যক্তি কোথায় চিকিৎসা করাবেন, সেই সিদ্ধান্ত আদালতের নির্ধারণ করা উচিত নয়। তবে আদালতের প্রতি পূর্ণ সম্মান রেখেই তিনি এই মত প্রকাশ করছেন বলে জানান। যদিও এই ইস্যুতে অভিষেকের পাশে দাঁড়ালেও কটাক্ষ করতে ভোলেননি অধীর। কথার ফাঁকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ‘পয়সাওয়ালা’ এবং ‘খোকাবাবু’ বলে বিদ্রূপও করেন তিনি।
অধীর জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের মানুষ সব বিক্রি করে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছে। বাংলায় চিকিৎসার পরিকাঠামো, ডাক্তার নেই। এরপর তিনি বলেন, “তৃণমূলের খোকাবাবুর পয়সার অভাব নেই। তিনি আমেরিকাতে গিয়েও চিকিৎসা করাতে পারেন আবার আমেরিকা থেকে ভাড়া করে ডাক্তারও নিয়ে আসতে পারে। এটা তাঁর স্বাধীনতা।” এনসিপিআই ও বিদ্রোহী তৃণমূল শিবির ‘চোরদের নিয়ে তৈরি’ হয়েছে বলে কটাক্ষ করেন অধীর। তাঁর প্রশ্ন, আর কতদিন তৃণমূলের দুর্নীতি নিয়ে আলোচনা হবে? বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা প্রয়োজন। মানুষের দাবি পূরণ না হলে কংগ্রেস আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অধীরের কথায়, “অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেওয়া হবে বলা হয়েছিল। এখন ১৩ পাতার শর্ত লাগিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো নিয়ে আলোচনা হোক। চোরদের নিয়ে আবার এনসিপিআই পার্টি তৈরি হয়ে গেল, বিদ্রোহী পার্টি তৈরি হয়ে গেল। মদত কে দিচ্ছি! একই যাত্রায় পৃথক ফল কেন? প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিজেপির সঙ্গ দিলে সাত খুন মাফ হয়ে যাচ্ছে।” এনসিপিআই ও বিদ্রোহী তৃণমূল শিবিরকে একহাত নিয়ে অভিষেকের পাশে দাঁড়ানোয় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, আজ কলকাতা হাই কোর্টে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় অনুমতি দিল না হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন। সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। শুক্রবার হাই কোর্টে রিপোর্ট জমা দেবে মেডিক্যাল বোর্ড। এই নিয়েই অধীর চৌধুরী তৃণমূল নেতা অভিষেকের পাশে দাঁড়ান।
