
ধূপগুড়ি, ১ মে : ইঞ্জিনে ত্রুটি থাকায় দেরিতে চলছিল ট্রেন। এর জেরে ক্ষোভ ছড়াল যাত্রীদের মধ্যে। ক্ষুব্ধ যাত্রীরা সোমবার সকালে স্টেশনে ওখা-গুয়াহাটি এক্সপ্রেসে আপ ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখালেন। লখনউ থেকেই ট্রেনের ইঞ্জিনে কোনও একটি সমস্যা দেখা দেয়। যার কারণে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এই ট্রেনটি চলছে বলে রেল সূত্রে খবর। রাগে ক্ষোভে রীতিমতো ধূপগুড়ি স্টেশন পার করার পর কোলাইগ্রাম স্টেশনে অন্য ট্রেনকে পাশ দেওয়ার জন্য স্লো করতেই সেই সুযোগে যাত্রীরা চেন টেনে নেমে পড়েন ট্রেন থেকে। এর পরেই শুরু করেন বিক্ষোভ।
দাবি করা হয় ট্রেনের ত্রুটি সারিয়ে তার পর নিয়ে যাওয়া হোক আগে। ধূপগুড়ি কোলাইগ্রাম স্টেশনে সোমবার সকাল ৭টা ১০ মিনিটে এসে ঢোকে। এর পর থেকে শুরু হয় প্যাসেঞ্জারদের বিক্ষোভ। ৮টা ১০ মিনিট পর্যন্ত চলে বিক্ষোভ। ততক্ষণ কোলাই গ্রাম স্টেশনে দাঁড়িয়ে ছিল ওখা থেকে আসা গুয়াহাটিগামী এক্সপ্রেস ট্রেনটি।
কোলাইগ্রাম স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানোর সময় লোকো পাইলট তাঁদের কথা না শুনে ট্রেনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তাতেই আরও ক্ষোভ বাড়ে যাত্রীদের মধ্যে। রীতিমতো স্টেশন মাস্টারের ঘরে ঢুকে তারা শুরু করে বিক্ষোভ। যাত্রীদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন স্টেশনে। এরপরেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত জনতার হাত থেকে স্টেশন মাস্টার বাবলু শর্মাকে রক্ষা করে। পরবর্তীতে উত্তেজিত যাত্রীদের বুঝিয়ে ট্রেনটিকে কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পড়ার পরেই কোলাইগ্রাম স্টেশনে ছুটে আসেন রেলের ট্রফি ইন্সপেক্টর শুভেন্দু রায়।
