
কালিম্পং, ২ মে : জিএনএলএফ-এর এক নেতাকে খুনের অভিযোগে উত্তেজক পরিস্থিতি রয়েছে পাহাড়ে। পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে পাহাড়েও। আর এরই মধ্যে এই অবস্থা।
জিএনএলএফ নেতা রোশন লামাকে পাহাড়ি রাস্তার ধারে খাদে ধাক্কা মেরে ফেলে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ।
জানা যাচ্ছে, রোশন লামা তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের গাড়িতে করে কালিম্পং থেকে মনসঙে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময়েই রাত সাড়ে আটটা নাগাদ বারমেক দেওয়ারিতে একটি বাইকের সঙ্গে সামান্য ধাক্কা লাগে তাঁর গাড়়ির। আর সেই দুর্ঘটনার পরই রোশন লামার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে শেরিং শেরপা নামে ওই বাইক আরোহী। কিছুক্ষণের মধ্যেই কথা কাটাকাটি থেকে তা হাতাহাতির রূপ নেয়। ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে লাভা থানার পুলিশ। ঘটনার পর রোশন লামার ভাই ভূষণ লামা পুলিশে অভিযোগ দায়ের করেন। রোশন লামাকে পাহাড় থেকে ধাক্কা মারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৭ এবং ৩০২ ধারায় মামলা করা হয়েছে।
