
শিলিগুড়ি, ২৮ এপ্রিল : বনধকে কেন্দ্র করে টানটান উত্তেজনা শহর শিলিগুড়িতে। বেলা বাড়তেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে রেলস্টেশনে। শিলিগুড়ির টাউন স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেস আটকে দেন বিজেপির বনধ সমর্থনকারীরা। এদিকে, দুপুরে হিলকার্ট রোডে দোকানপাট বন্ধ করে দেন তাঁরা।
এদিন সকাল থেকেই শিলিগুড়িতে পথে নামেন বনধ সমর্থনকারীরা। হিলকার্ট রোডে সরকারি বাসে ভাঙচুরের অভিযোগ ওঠে বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। মারধর করা হয় সরকারি বাসের চালককে। শুধু তাই নয়, বাস, টোটোর যাত্রীদের টেনে-হিঁচড়ে নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাস্তায় পুলিশের ব্যারিকেড উলটে ফেলে দেওয়া হয়। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের সঙ্গে পুলিশের বচসা বেধে যায়। এরপর বিধায়ক ও বিজেপির কর্মী-সমর্থকরা রাস্তায় বসে পড়েন। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। বনধ সমর্থনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
