
কলকাতা, ৩১ আগস্ট : নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েই চলেছে। সোমবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবারও বৃষ্টি হবে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।
