
বাঁকুড়া, ২৯ জুলাই : গ্রেফতার করা হল বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপেকে। এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর মামলায় অভিযোগ দায়ের করতে বাধা দেওয়া এবং প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে| মঙ্গলবার রাতে পাত্রসায়রের রাস্তা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে হেরে যাওয়ার পর থেকেই একপ্রকার গা ঢাকা দিয়েছিলেন সুব্রতবাবু। উল্লেখ্য, কয়েক দিন আগেই সুব্রত দত্তের স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। স্ত্রীর গ্রেফতারির পর থেকেই সুব্রতবাবুর খোঁজে তল্লাশি জোরদার করে পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পাত্রসায়রের একটি রাস্তা থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
