West Bengal

2 years ago

Dilip Ghosh:'সবাইকে সাজা দিয়ে ঠান্ডা করা যাবে না', দলীয় কোঁদল নিয়ে মন্তব্য দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৩ অক্টোবর : 'দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসা প্রয়োজন। সবাইকে সাজা দিয়ে ঠান্ডা করা যাবে না' – কর্মীদের বিক্ষোভ নিয়ে দাওয়াই দিলেন বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উল্লেখ্য, ক’দিন ধরে রাজ্যের একাধিক জেলায় বিজেপি-র কর্মীদের মধ্যে মতানৈক্য মাথা চাড়া দিয়ে উঠেছে। হাতাহাতি হচ্ছে। বৃহস্পতিবারই কলকাতায় মুরলিধর সেন লেনে বিজেপির দলীয় মুখ্য কার্যালয়ে এবং সল্ট লেকে দলের সদর দফতরে বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

দলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব নিয়ে দিলীপবাবু জানান, আগে কোনও দিন আমাদের দলে এ ধরনের ঘটনা ঘটেনি। যাঁদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ আছে তাঁদের নিয়ে কথা বলা উচিত। তাঁর কথায়, 'সবাইকে সাজা দিয়ে ঠান্ডা করা যাবে না। শাস্তির ভয় দেখিয়ে সমাজ চলে না। যাঁরা আমাদের দলের বিক্ষুব্ধ তাঁরা আমাদের পরিবারের সদস্য। বসে কথা বলা উচিত।'

শুক্রবার সাত সকালে খড়্গপুরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে রাজ্যকে তোপ দাগলেন তিনি। ইতিমধ্যেই একশো দিনের কাজ নিয়ে বড় আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিষয়টি নিয়ে দিলীপবাবু জানান, আন্দোলন ছাড়া কিছুই করতে পারে না তৃণমূল। শিক্ষকরা, সরকারি কর্মচারীরা কেন বছর বছর বসে আছে রাস্তায়? উন্নয়ন করা, প্রশাসন চালানোর কোন ক্ষমতা নেই তৃণমূলের। আন্দোলনের নামে খালি মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল বলে তাঁর দাবি।


You might also like!