
বাঁকুড়া, ১ আগস্ট: আন্দোলনের মুখে পড়ে যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে প্রবেশকরের সিদ্ধান্ত প্রত্যাহার করল বিষ্ণুপুর পৌরসভা। তবে লাগু থাকছে পণ্যবাহী গাড়ির ক্ষেত্র। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, প্রাথমিক ভাবে স্থির হয়েছে যাত্রীবাহী গাড়ি থেকে কোনও প্রবেশকর নেওয়া হবে না। তবে পণ্যবাহী গাড়ি থেকে ঘোষণা মতোই নেওয়া হবে প্রবেশকর।

সম্প্রতি, বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা সিদ্ধান্ত নেয় বিষ্ণুপুর শহরে প্রবেশের ক্ষেত্রে যাত্রীবাহী হোক বা পণ্যবাহী গাড়ি সবক্ষেত্রেই নির্দিষ্ট হারে প্রবেশ কর দিতে হবে পৌরসভাকে। ছোট চার চাকা গাড়ির ক্ষেত্রে ৩০ টাকা, ট্রাক্টর ও মাঝারি গাড়ির ক্ষেত্রে ৫০ টাকা এবং বাস সহ বড় গাড়ির ক্ষেত্রে ১০০ টাকা প্রবেশ কর ধার্য করা হয়। সিদ্ধান্ত হয় একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ১ আগস্ট থেকেই এই কর সংগ্রহ করবে বিষ্ণুপুর পৌরসভা। বিষয়টি জানাজানি হতেই বিষ্ণুপুর জুড়ে আছড়ে পড়ে আন্দোলনের ঢেউ। প্রতিবাদে সরব হন বিষ্ণুপুর শহরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল। রাস্তায় নেমে শুরু হয় আন্দোলনও। আর সেই আন্দোলনের জেরে অবশেষে সিদ্ধান্ত বদলে বাধ্য হয় বিষ্ণুপুর পৌরসভা।
