
জীবনতলা, ২ মে : গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ মল্লিকাটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর নকল জ্বালানী তেল ও তেল তৈরির উপকরণ উদ্ধার করল সোমবার রাতে। সেখানে সিদ্দিক গাজি নামে এক ব্যক্তি এই কাটা তেলের ব্যবসা করছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই খবর পেয়েই পুলিশ সোমবার রাতে হানা দেয় এবং এই সমস্ত কাটা তেল ও কাটা তেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। সেখান থেকে ১২টি জ্যারিক্যান ও ৫ ড্রাম কাটা তেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই সিদ্দিক গাজি এই কাটা তেলের ব্যবসা করছে। স্থানীয় সস্তাখালি বাজারে এই কাটা তেল বিক্রি করতো সে। মূলত অটো ও মোটর বাইকের জ্বালানি হিসেবেই এগুলি ব্যবহার করা হতো। সিদ্দিক রাতেই পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরেই নিজের বাড়িতে এই কাটা তেল তৈরি করতো সে। খবর পেয়েই আমারা সেখানে তল্লাশি চালিয়ে এই সমস্ত সামগ্রী উদ্ধার করেছি। সিদ্দিকের খোঁজে তল্লাশি চলছে।”
