West Bengal

1 day ago

Shankarpur Fisherman Missing: দীঘার শঙ্করপুর থেকে সমুদ্রে গিয়ে নিখোঁজ ১৬ মৎস্যজীবী

Shankarpur 16 Fisherman Missing
Shankarpur 16 Fisherman Missing

 

পূর্ব মেদিনীপুর, ১০ জুলাই : পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মাঝি-সহ ১৬ জন মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার ঘটনায় উপকূলবর্তী এলাকায় গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও তাঁদের কোনো সন্ধান না মেলায় মৎস্যজীবীদের পরিবারে চরম উৎকণ্ঠা ও ব্যাকুলতার সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২ জুলাই শঙ্করপুর মৎস্য বন্দর থেকে ‘জয় মা কালী’ নামক একটি ফিশিং ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশে রওনা দিয়েছিল। ওই ট্রলারে মাঝিসহ মোট ১৬ জন মৎস্যজীবী ছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ট্রলারটি বন্দরে ফিরে না আসায় এবং সেটির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব না হওয়ায় উদ্বেগ বাড়তে থাকে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসার পরই শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক স্বদেশরঞ্জন নায়ক ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন সরকারি দফতরকে অবগত করেন। পাশাপাশি, নিখোঁজ ট্রলার ও মৎস্যজীবীদের দ্রুত অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে।

মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে সমুদ্র এবং আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান চালানোর দাবি জানানো হয়েছে। নিখোঁজ মৎস্যজীবীদের যাতে দ্রুত সন্ধান পাওয়া যায়, সেজন্য বিশেষ করে হেলিকপ্টারের মাধ্যমে সার্চ অপারেশন চালানোর আবেদন করা হয়েছে। এদিকে, নিখোঁজদের পরিজনেরা তাঁদের প্রিয়জনদের অক্ষত অবস্থায় ফিরে আসার আশায় চাতক পাখির মতো পথ চেয়ে বসে রয়েছেন।

You might also like!