
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে বদলে যাচ্ছে মানুষের কাজের ধরন। অফিসের গুরুত্বপূর্ণ নথি তৈরি থেকে শুরু করে পড়াশোনা, কনটেন্ট লেখা, ডিজাইন, তথ্য বিশ্লেষণ কিংবা দৈনন্দিন পরিকল্পনা—সব ক্ষেত্রেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ব্যবহার ক্রমশ বাড়ছে। ফলে কম সময়ে আরও নিখুঁতভাবে কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
বিশেষ করে ছাত্রছাত্রী, চাকরিজীবী, ফ্রিল্যান্সার এবং ব্যবসায়ীদের কাছে এআই টুল এখন হয়ে উঠেছে এক নির্ভরযোগ্য সহকারী। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই প্রযুক্তি নতুন ধারণা তৈরি, তথ্য সংগ্রহ, লেখালেখি, উপস্থাপনা প্রস্তুত এবং বিভিন্ন জটিল সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাহলে আপনার জন্য রইল পাঁচটি এআই টুল আদর্শ, যা কাজ করে দেবে আরও সহজ।
চ্যাটজিপিটি- OpenAI-এর তৈরি ChatGPT এই মুহূর্তে অন্যতম সেরা ও শক্তিশালী চ্যাটবট। সব বয়সের মানুষ ব্যবহারের উপযোগী করে তৈরি এটি। বিভিন্ন সমস্যার সমাধান করতে, লেখার মান উন্নত করতে এবং এমনকী পরীক্ষার প্রস্তুতিতেও সহায়তা করে এটি। কর্মরতদের ক্ষেত্রে, এই চ্যাটবটটি ইমেইলের খসড়া তৈরি করতে, ব্যবসা সংক্রান্ত পরামর্শ, দীর্ঘ নথিপত্রের সারসংক্ষেপ তৈরি করতে পারে নিমেষে।
গুগল জেমিনি- আপনি গুগলের জগতে বাস করেন? অর্থাৎ জি-মেইল, ডক্স, ড্রাইভ ব্যবহার করেন? তাহলে জেমিনি আপনার জন্য আদর্শ। যে কোনও ফাইলের সারসংক্ষেপ, বিষয়বস্তু নিয়ে ভাবনাচিন্তা, তথ্য বিশ্লেষণে এটি ভীষণভাবে উপযোগী। এছাড়া ছবি-ভিডিও তৈরি তো রয়েছেই।
মাইক্রোসফট কোপাইলট- কোপাইলট এমনভাবে তৈরি যাতে প্রচলিত অফিস অ্যাপগুলো অর্থাৎ পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড এবং এক্সেল এতে সাবলীলভাবে কাজ করে। এটি ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি, স্প্রেডশিট তৈরি, ইমেল ও মিটিংয়ের সারসংক্ষেপ তৈরি করা যায় সহজে। যারা মাইক্রোসফট ৩৬৫ -এর উপর নির্ভর করেন দৈনন্দিন কাজের জন্য, তাঁদের জন্য এই অ্যাপ অত্যন্ত কার্যকরী।
ক্লড- দীর্ঘ নথিপত্র নিয়ে কাজ করার জন্। অ্যানথ্রপিক -এর ‘ক্লড’ (Claude) আদর্শ। নিবন্ধ সম্পাদনা, গবেষণাপত্রের সারসংক্ষেপ তৈরি, দীর্ঘ নথিপত্র পর্যালোচনা, বিস্তারিত বিষয়বস্তু প্রস্তুত এবং লেখার মান উন্নত করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। শিক্ষার্থী বা পেশাজীবীরা, যারা দীর্ঘ ও বিশাল আকারের লেখা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন তারা চোখ বন্ধ করে এটির উপর ভরসা করতে পারেন।
পারপ্লেক্সিটি এআই- দ্রুত তথ্য খুঁজে বের করা, তথ্যের সত্যতা যাচাই করা, অনলাইনে আলোচিত বিষয়গুলোর সারসংক্ষেপ তৈরি, পণ্যের তুলনার ক্ষেত্রে এটি আদর্শ। আপনি যদি শিক্ষার্থী বা সাংবাদিক হন, দ্রুত ও নির্ভরযোগ্য উত্তর চান, তাহলে আপনার জন্য অত্যন্ত কার্যকর এটি।
বিশেষজ্ঞদের মতে, এআই টুলগুলি মানুষের কাজের গতি এবং উৎপাদনশীলতা বাড়ালেও এগুলির দেওয়া তথ্য যাচাই করে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কর্মজীবন ও শিক্ষাজীবন—দুই ক্ষেত্রেই মিলতে পারে উল্লেখযোগ্য সুবিধা।
