Technology

1 hour ago

Rail Safety: চলন্ত ট্রেন থেকে ফোন পড়ে গেলে কী করবেন? জেনে নিন ফোন ফেরত পাওয়ার সহজ উপায়

Lost Mobile On Railway Track
Lost Mobile On Railway Track

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। কর্মসূত্রে কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বহু নিত্যযাত্রীকে প্রায়শই ভিড় ঠেলে ট্রেনে উঠতে হয়। অনেকেই আবার অভ্যাসবশত দরজার কাছে দাঁড়িয়ে বা ঝুলে যাতায়াত করেন। এমন পরিস্থিতিতে অসাবধানতাবশত হাত ফসকে মোবাইল ফোন রেললাইনে পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। হঠাৎ এমন ঘটনা ঘটলে অধিকাংশ যাত্রীই বিচলিত হয়ে পড়েন। কেউ চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন, কেউ আবার জরুরি চেন টেনে ট্রেন থামানোর কথা ভাবেন। কিন্তু এই ধরনের পদক্ষেপ বিপজ্জনক হওয়ার পাশাপাশি আইনত দণ্ডনীয়ও হতে পারে। চলুন আজ জেনে নেওয়া যাক, এই পরিস্থিতিতে ঠিক কী করলে সহজেই ফিরে পাওয়া যেতে পারে ফোন।

১. ফোন রেল লাইনে পড়ে গেলে প্রথমেই যেখানে ফোনটি পড়ল, তার সামনের ইলেকট্রিক পোলের নম্বরটি নোট করুন।

২. যে রুটে যাচ্ছেন সেই সেকশনের নম্বর মনে রাখুন।

৩. সহযাত্রীদের কারও সাহায্য নিয়ে ফোন করুন ১৮২/১৩৯ অথবা ১৫১২ নম্বরে। ফোনে ট্রেনের নম্বর, কোচের নম্বর, ইলেকট্রিক পোলের নম্বর-সহ বিস্তারিত তথ্য দিন।

৪. সঙ্গে সঙ্গে রেলের তরফে আরপিএফ বা জিআরপিকে পাঠানো হবে ঘটনাস্থলে। ফোনটি উদ্ধার করা হলে যাত্রীকে কাছের স্টেশনে ডেকে পাঠানো হবে।

৫. সচিত্র পরিচয়পত্র ও ফোনের মালিকানা প্রমাণ করতে পারলে সঙ্গে সঙ্গে ফিরে পাবেন সাধের ফোন।

বর্তমানে রেলওয়ের বিভিন্ন বিভাগ হারানো সামগ্রী উদ্ধারের জন্য নির্দিষ্ট ব্যবস্থা রেখেছে। অভিযোগ নথিভুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট রেলকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে ফোন উদ্ধার করার চেষ্টা করেন। ফোন উদ্ধার হলে পরিচয় যাচাইয়ের মাধ্যমে সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। তাই ট্রেনে সফরের সময় সর্বদা মোবাইল ফোন শক্তভাবে ধরে রাখা, দরজার ধারে দাঁড়িয়ে ফোন ব্যবহার না করা এবং দুর্ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে রেল কর্তৃপক্ষের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের কাজ। 


You might also like!