
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান যুগে স্মার্টফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। ব্যাংকিং তথ্য, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্টের গোপন তথ্যও সংরক্ষিত থাকে ফোনে। তাই নতুন ফোন কেনার সময় পুরনো ফোন বিক্রি বা এক্সচেঞ্জ করার আগে কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি।
অনেকেই নতুন মডেলের ফোন বাজারে এলেই তা কেনার পরিকল্পনা করেন। ফলে পুরনো ফোনটি বিক্রি করে দেওয়া বা এক্সচেঞ্জ করার প্রবণতাও বাড়ছে। কিন্তু তাড়াহুড়োয় অনেক সময় ফোন থেকে ব্যক্তিগত তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা হয় না। এর ফলে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে পৌঁছে যাওয়ার ঝুঁকি থেকে যায়। চলুন আজ জেনে নেওয়া যাক, ফোন বিক্রির আগে কীভাবে সংরক্ষণ করবেন নিজের প্রয়োজনীয় নথি।
১. যাতে কোনও নথি ও তথ্য হারিয়ে না যায় তাই ব্যাকআপ নিয়ে নিন। ছবি, কন্টাক্ট, নথি, মেসেজ-সব কিছুর ব্যাকআপ নিন। সেভ করুন গুগল ড্রাইভ, আইক্লাউড, ওয়ানড্রাইভ অথবা কম্পিউটারে।
২. এরপর ফোনের যাবতীয় অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করুন। গুগল অ্যাকাউন্ট, ফাইন্ড মাই ডিভাইস-সাইন আউট করুন। যে যে গুগল প্রোফাইল লিঙ্ক করা ছিল, সব রিমুভ করে দিন।

৩. এখানেই কাজ শেষ নয়। ব্যাঙ্কিং অ্যাপ, ডিজিটাল ওয়ালেট, সেভ করা পাসওয়ার্ড মুছে ফেলুন।
৪. এরপর চলে যান ফোনের সেটিংসে। সেখানে পাবেন ফ্যাক্টরি রিসেট অপশন। ব্যাস, কাজ শেষ। আপনার পুরনো ফোন থেকে মুছে যাবে সব নথি ও তথ্য। তবে তারপরও একবার ভালো করে চেক করে নিন কিছু রয়ে গেল কি না।
সামান্য কিছু সতর্কতা মেনে চললেই পুরনো ফোন বিক্রি বা বদল করার সময় ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব। তাই নতুন ফোনের আনন্দের পাশাপাশি নিজের তথ্যের নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
