
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গরম পড়তেই অনেকের বাড়িতে যেন অসহ্য পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে যাঁদের বাড়ি একেবারে উপরের তলায়, তাঁদের সমস্যার শেষ নেই। সারাদিন রোদের তাপে ছাদ এতটাই গরম হয়ে ওঠে যে সেই তাপ ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে পরিবেশ অস্বস্তিকর করে তোলে। ফলে পাখা বা এসি চললেও অনেক সময় ঘর সহজে ঠান্ডা হতে চায় না।
বিশেষজ্ঞদের মতে, বাড়ির ছাদই গরম প্রবেশের সবচেয়ে বড় উৎসগুলির মধ্যে অন্যতম। দুপুরের চড়া রোদে কংক্রিটের ছাদ দীর্ঘক্ষণ তাপ শোষণ করে রাখে। সন্ধ্যার পরেও সেই জমে থাকা তাপ ঘরের মধ্যে ছড়াতে থাকে। তাই শুধু ঘরের ভিতর নয়, ছাদকেও ঠান্ডা রাখার দিকে নজর দেওয়া জরুরি। তাই গরমের দিনে ছাদ ঠান্ডা রাখতে কী করতে পারেন? জেনে নিন বিস্তারিত।
১। রং: ছাদ ঠান্ডা রাখার জন্য বিশেষ রং পাওয়া যায়। ঝক্কিহীন এই পন্থা। শুধু ছাদের উপর রং করিয়ে নিতে হয়। সাধারণত এই রং হয় সাদা। সাদা রং তাপের কুপরিবাহী। ফলে দিনভর রোদ পড়লেও, ছাদ তা শুষে নিতে পারে না। বিভিন্ন রঙের সংস্থাগুলি ছাদ ঠান্ডা রাখার জন্য রং তৈরি করেছে। ছাদ ভাল করে ঘষে পরিষ্কার করে নিয়ে রং লাগিয়ে নেওয়া হয়।
২। ছাদের ঢাকা: ছাদ ঠান্ডা রাখার জন্য বিশেষ আচ্ছাদন পাওয়া যায়। এটি চাদেরর মতো। ছাদের উপরে পেতে দেওয়া হয়। অ্যাসবেস্টসের ছাউনি থাকলে বা টালির চালের ক্ষেত্রে তার নীচে এটি পেতে দেওয়া যায় বা তা দিয়ে ঢেকে দেওয়া যায়। হালকা এবং একটু ফোলা ধরনের হয় এই আস্তরণটি। তবে রঙের চেয়ে এই পন্থা তুলনামূলক বেশি কার্যকর। এক বার লাগিয়ে নিলে, অনেক দিন পর্যন্ত কার্যকর থাকে।
৩। ছাদ বাগান: ছাদে বাগান করলেও ঘর তুলনামূলক ভাবে ঠান্ডা থাকে। বাগানের জন্য টব, মাটির দরকার হয়। ফলে পুরো ছাদে সরাসরি রোদ পড়তে পারে না। তা ছাড়া, গাছে জল দেওয়ার সময় ছাদও ভিজে যায়। গাছও তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। টবে যেমন গাছ বসানো যায়, তেমনই সরাসরি ছাদের উপরেও চাষ করা যায়। এই কৌশলেও ঘর ঠান্ডা থাকে।
সামান্য কিছু পরিবর্তন ও সচেতন ব্যবস্থাপনার মাধ্যমেই গরমের দিনে ঘরকে তুলনামূলক আরামদায়ক রাখা সম্ভব। বিশেষ করে শহরের বাড়িগুলিতে এখন ছাদ ঠান্ডা রাখার আধুনিক পদ্ধতির চাহিদাও ক্রমশ বাড়ছে।
