
কলকাতা, ২৮ অক্টোবর : আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাজুড়ে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বিগত কিছু দিন ধরে কলকাতায় ওঠানামা করছে তাপমাত্রার পারদ, ভোরের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে। আপাতত এমনই থাকবে প্রকৃতির আমেজ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখনই রাজ্যে শীত প্রবেশের কোনও সম্ভাবনা নেই। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত উপভোগ করতে পারবেন না বঙ্গবাসী।
আপাতত কলকাতার আকাশ মূলত থাকবে পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। নভেম্বরের মাঝামাঝি থেকে হালকা শীত পড়লেও, পুরোপুরি শীতের জন্য ডিসেম্বর অবধি অপেক্ষা করতে হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার কোনও বড় বদল নেই। অর্থাৎ তাপমাত্রার পারদ সামান্য কমতে পারে। কিন্তু বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস আপাতত নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
