কলকাতায় ওঠানামাও করছে তাপমাত্রার পারদ, তবে শীত নিয়ে কী বলছে হাওয়া অফিস জেনে নিন সব তথ্য

Weather of Bengal
Weather of Bengal

 

কলকাতা, ৮ নভেম্বর : জাঁকিয়ে শীতের আমেজ এখনও সেভাবে মালুম করতে পারেনি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে, গত কয়েকদিনের মতো হালকা শীত অনুভূত হয়েছে মঙ্গলবার সকালেও। কলকাতার তুলনায় শীত একটু বেশি রাজ্যের জেলাগুলিতে। কলকাতায় আপাতত ওঠানামা করছে তাপমাত্রার পারদ, রয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ ছিল একেবারে পরিষ্কার। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ভোরের দিকের হিমেল পরশ জানান দিচ্ছে, শীত আর বেশি দূরে নেই। এদিকে, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী হলে এ রাজ্যে তাপমাত্রার পরিবর্তন হতে পারে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশ শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে। শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছে শক্তি বাড়াবে এই নিম্নচাপ। এর জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহবিদরা। তবে, এই নিম্নচাপ যদি শক্তিশালী হয়, তবে বাংলায় তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…