
কলকাতা, ১৪ নভেম্বর : কলকাতায় শীতের আমেজ এসে গিয়েছে, সকাল থেকেই হিমেল হাওয়ায় অনুভূত হয়েছে শীতের শিরশিরানি। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা কুয়াশাও দেখা গিয়েছে। এরই মাঝে শহরের তাপমাত্রা কমে গেল অনেকটাই। গত কয়েক দিন ধরেই ভোরের দিকে বেশ ঠান্ডা পড়ছে শহরে। শহরতলিতেও অনুভূত হচ্ছে শীতের আমেজ, গ্রাম বাংলায় শীত তো আরও বেশি। তবে সকালে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য সে সব উধাও হয়ে যাচ্ছে। বেলা যত বাড়ছে, ততই রোদের তেজও বাড়ছে, চড়ছে তাপমাত্রার পারদ।
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি কম। এ ছাড়া, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। উত্তুরে হওয়ার সৌজন্যে মহানগরীতে আরও কমতে পারে তাপমাত্রা। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা এবং পশ্চিমের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে শীতের দাপট বাড়তে পারে।
