
কলকাতা, ২৯ অক্টোবর : আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২ নভেম্বর সর্বদল বৈঠকের ডাক দিল জাতীয় নির্বাচন কমিশন। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আর তার পরের বছরই লোকসভা ভোট।রাজনৈতিক দল থেকে শুরু করে নির্বাচন কমিশন কোমর বেঁধেছে নির্বাচনের প্রস্তুতিতে। আগামী ৯ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন । কমিশন সূত্রে খবর যে এই নিয়েই হবে বৈঠক। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর চলবে সংশোধনের কাজ যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত । এরপর আগামী বছর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগে সবক'টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। কারও কোনও অভিযোগ বা পরামর্শ থাকলে সেগুলির উপর নজর দেওয়া হবে। প্রতিবছরই ভোটার তালিকা সংশোধনের কাজ হয় এবং তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় । একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেই ভোটার তালিকা সংশোধন এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় থেকে। এরপর সেই তালিকা রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়। আগে বছরে একবার ভোটার তালিকায় নাম তলায় প্রক্রিয়া ছিল তবে সেই নিয়ম বদল হয়ে এখন বছরে চারবার নাম তোলা যায়। এই কাজের জন্য আবেদনপত্রেও রদবদল করা হয়েছে। প্রসঙ্গত এর আগে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ২০টি জেলার পঞ্চায়েতের নতুন আসন বিন্যাস সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
