
কলকাতা, ৩১ অক্টোবর: হ্যাকারদের খপ্পরে এবার সূর্যকান্ত মিশ্র। রাজ্য সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদকের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। ফেসবুক তথা বিভিন্ন সামাজিক মাধ্যমে হ্যাকিং থেকে জালিয়াতি, একাধিক অভিযোগ ওঠে বারবার। অচেনা কারও বন্ধুত্বের প্রস্তাব পাঠানোর পর ভিডিও কলের মাধ্যমে কাউকে খপ্পরে ফেলার চেষ্টা হয়। ব্ল্যাকমেলের ভুরি ভুরি অভিযোগ জমা পড়ে। কখনও অ্যাকাউন্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে বার্তা, আবার কখনও অচেনা আইডি থেকে ভিডিও কল করে তা ভুলবশত তা ধরে ফেললেই তাতে অশালীন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, এই ধরনের অভিযোগও ওঠে একাধিক। সাধারণ মানুষ থেকে জন প্রতিনিধিরা, বারবার শিকার হয়েছেন, এই ধরনের হ্যাকিং বা প্রতারণার সঙ্গে। যার নতুন শিকার সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্তের ফেসবুক পেজের ইউআরএলও বদলে দেয় হ্যাকাররা
আদ্যপান্ত রাজনৈতিক ব্যক্তিত্বের ফেসবুক পেজের প্রোফাইল ও প্রচ্ছদ ছবি বদলে করে দেওয়া হয়েছে দক্ষিণী সুপারস্টার 'সূর্য'-র ছবি দিয়ে। রবিবার গভীর রাত থেকে হ্যাকারদের কবলে সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ। সোমবার প্রথমার্দ্ধে এখনও হ্যাকারদের দখলমুক্ত হয়নি। বিষয়টি নিয়ে অভিযোগ বা সমস্যার সুরাহার কোনও ইঙ্গিত এখনও না মিললেও সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ হ্যাক হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে যথেষ্ট আলোচনার ঝড় উঠেছে। গোটা বিষয়টি ঘিরে চিন্তার মেঘ নেটনাগরিকদের মধ্যে। কেউ কেউ হ্যাকারদের বদলে দেওয়া প্রোফাইল বা কভার ফটোতে গিয়ে মন্তব্যে গোটা বিষয়টা বলেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন বেশিরভাগ। তবে এভাবে ফেসবুজ পেজ হ্যাক হয়ে যাওয়া নিয়ে ব্যঙ্গের মুখেও পড়তে হচ্ছে যাঁরা পেজ সামলান তাঁদের।
