
কলকাতা, ২০ অক্টোবর : সল্টলেকে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ালেন স্থানীয় নাগরিকদের একাংশ। এর পাশাপাশি, বৃহস্পতিবার সেখানে গেলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ে শিক্ষা দফতরের অদূরে জমায়েতে। সল্ট লেকের স্থানীয় নাগরিকদের একাংশ এসে সহমর্মিতা জানিয়ে যান। ১১টার পর কিছু সঙ্গীকে নিয়ে আসেন বিজেপি-র রাজ্য সভাপতি। তিনি এই প্রসঙ্গে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গীর সমালোচনা করেন। অন্যদিকে, টেট দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, "যত অনৈতিক কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে। কারও কোনও ভয়ডর নেই। এখানে চুরি করতে তাই সারা দেশ থেকে লোকেরা আসছে বাংলায়। বাংলায় যেসব টাকা পয়সা রয়েছে বেশিরভাগই অনৈতিক। চাকরিবাকরি কোনও কিছু নেই।"
দিলীপবাবুর কথায়, "এই আন্দোলনে যারা নিজের অধিকারের জন্য নিজের প্রাণকে বাজিয়ে রেখেছে তাদেরকে বলছে অনৈতিক। তাদেরকে দেবে নীতি-নৈতিকতা বোঝাচ্ছে। সরকার কতটা নীতির কাজ করছে কোর্টে গিয়ে সব জায়গায় কানমোলা খাচ্ছে। যারা জীবনের শেষ প্রান্তে বয়স পার হয়ে যাচ্ছে সরকারি চাকরির, সেখানে বাধ্য হয়ে অনশন করছেন তারা। কীসের আশ্বাসে অনশন তুলে নেবে সরকার? মিডিয়াতে বললে হবে না তাদের সামনে এসে বলা উচিত।".
