
কলকাতা, ২৯ অক্টোবর : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক এএসআই-য়ের। শনিবার ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম উৎপল নস্কর। ৫৪ বছর বয়স ছিল তাঁর। তিনি কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন। জ্বর নিয়ে বৃহস্পতিবার থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই পুলিশ কর্মীর দেহে রক্তে প্লেটলেটের সংখ্যা কমে গিয়েছিল বলে জানা গিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টা নাগাদ কলকাতা পুলিশের ওই কর্মীর মৃত্যু হয়। অন্যদিকে, কলকাতা পুলিশের একাধিক কর্মী বর্তমানে ডেঙ্গু আক্রান্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যার ফলে কলকাতা পুলিশের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রসঙ্গত শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের এক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে গত এক সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯৩৬ জন। ২৬ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্য মিলিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪২ হাজার ৬৬৬ জন। স্বাস্থ্য দফতরের কর্তারা আশঙ্কা করছেন, আগামী দু’মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা আরও কয়েক গুণ বাড়বে।
