
কলকাতা : রাতপোহালেই কালীপুজো । উত্তর ২৪ পরগনার নৈহাটি, বারাসতের কালীপুজো বিখ্যাত। এছাড়াও বিভিন্ন জেলায় বহু প্রাচীন কালীপুজো রয়েছে। তবে কলকাতায়ও কম জাঁকজমক নয় । মোট ২ হাজার ৬৬৪টি পুজো হচ্ছে কলকাতায়। উৎসবের দিনগুলো যাতে কোনওভাবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে কলকাতা পুলিশ। এবার নিষিদ্ধ বাজি রুখতে অটোয় চেপে শহরের অলিগলিতে ঘুরে বেড়াবে পুলিশ।
কলকাতায় মোট ২৬৬৪ টি কালীপুজো হচ্ছে এ বছর। তার জন্য সোমবার কালীপুজোর সকাল থেকেই রাস্তায় ও পুজো প্যান্ডেলগুলিতে মোতায়েন থাকছে পুলিশ। ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে। কালী প্রতিমার গয়নার প্রস্তুত থাকছে বিশেষ বাহিনী। বহু পুজোমণ্ডপে বহুমূল্যের সোনার গয়না পরিয়ে সাজানো হয় প্রতিমা। কোনওরকম যাতে অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্যই এই বিশেষ ব্যবস্থা।
পুজোপ পাশাপাশি ভাসানের জন্যও প্রস্তুতি সারা কলকাতা পুলিশের। গঙ্গার ২৯টি ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। আদিগঙ্গার ৫টি ঘাট রয়েছে। এছাড়াও রয়েছে ৩৫টি জলাশয়ে নজরদারি। গঙ্গার বিভিন্ন ঘাটে থাকবে ডুবুরি। গঙ্গায় স্পিড বোট, জেট স্কি’তেও নজরদারি চলবে। প্রতিটি ঘাটে থাকবে ডিএমজি টিম।
