
কলকাতা, ২১ অক্টোবর : টেট উত্তীর্ণদের শেষমেশ আন্দোলনস্থল থেকে তুলেই দিল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের আন্দোলনস্থল থেকে তুলে দেয় পুলিশ। টেট উত্তীর্ণদের একে-একে আটক করা হয় বলে জানা গিয়েছে। তাঁদের বাসে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় অন্যত্র। কয়েক জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় তাঁদের অ্যাম্বুল্যান্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছিল র্যাফ এবং পুলিশের বিশাল বাহিনী। করুণাময়ীর যে স্থানে বিগত তিন দিন ধরে অনশন বিক্ষোভ চালাচ্ছিলেন আন্দোলনকারীরা, সেই চত্বর হয়ে গেল একেবারে শুনশান।
বৃহস্পতিবার রাতে পুলিশ এসে তাঁদের সঙ্গে কথা বলে। কাউকে কাউকে বাসে তুলে নিয়ে যাওয়া হয় অন্যত্র। তবে বেশির ভাগই রাতে নিরাপত্তার কারণে কোথাও যেতে রাজি হননি। পরে আরও পুলিশ আনা হয়। শেষমেশ পুলিশ তাঁদের সকলকেই সরিয়ে দেয়। বৃহস্পতিবার রাত তখন ১২.৩০ মিনিট হবে, পুলিশ যখন আন্দোলনকারীদের তুলে দিচ্ছে, তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা-কর্মীরা। সকলে মিলে প্রথমে মানববন্ধন তৈরি করেন, যদিও তাতে কোনও লাভ হয়নি। অনুরোধে কাজ না হওয়ায় উচ্চপদস্থ আধিকারিকের নির্দেশে পদক্ষেপ করে পুলিশ।
