
আসানসোল, ১১ নভেম্বর : আরও ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মন্ডল (Anubrata Mondal ) ওরফে কেষ্টর। শুক্রবার জামিনের আর্জির শুনানিতে এমনই নির্দেশ দিল আসানসোল আদালত।
এদিন সওয়াল-জবাব চলাকালীন আদালতে সিবিআই জানায়, অনুব্রত কতটা প্রভাবশালী, তা রাজ্যের মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট। ইতিমধ্যেই সাক্ষীদের হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনুব্রতর কোটি কোটি টাকার বেনামী সম্পত্তির কথাও আদালতে তুলে ধরেন গোয়েন্দাদের হয়ে সওয়াল কার আইনজীবী।
আদালতে এদিন গোয়েন্দাদের তরফে জানানো হয়, অনুব্রতর কোটি কোটি টাকার বেনামী সম্পত্তির হদিশ মিলেছে। অনুব্রতর নির্দেশে বিভিন্ন অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা জমা পড়েছে। বোঝাই যাচ্ছে এটা চুরির টাকা। দুর্নীতি কোন পথে হয়েছে, তার হদিশ মিলেছে। এর পাল্টা অনুব্রতর আইনজীবী প্রশ্ন তোলেন, "বেআইনি সম্পত্তির তদন্ত ইডি করবে, সিবিআই কেন?" যে কোনও শর্তে জামিন চেয়ে পাল্টা জানান তিনি। কিন্তু শেষ মেশ জামিন হল না অনুব্রতর।
