রাজ্যের ঝুলন্ত ব্রিজ, উড়ালপুলগুলি নিয়ে তড়িঘড়ি রিপোর্ট তলব নবান্নের

Nabanna
Nabanna

 

কলকাতা, ৩১ অক্টোবর : গুজরাতের মোরবি জেলায় ব্রিজ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের ব্রিজগুলির কী অবস্থা তা নিয়ে তড়িঘড়ি রিপোর্ট চাইল নবান্ন।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ কয়েকটি জেলায় এই ধরনের ঝুলন্ত ব্রিজ রয়েছে। সেই ব্রিজগুলির কী অবস্থা তা জানতে আগামিকালের মধ্যেই রিপোর্ট পাঠানোর নির্দেশ প্রত্যেকটি জেলার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের।

পাশাপাশি রাজ্যে যে উড়ালপুলগুলি রয়েছে সেই উড়ালপুলগুলির কবে শেষ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল এবং বর্তমানে সেগুলির কী অবস্থা তারও রিপোর্ট চাওয়া হয়েছে। আগামিকাল বিকেল ৪টের সময় রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসতে চলেছে পূর্ত দফতর। বৈঠকে থাকবেন পূর্তমন্ত্রী পুলক রায়-সহ নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। জেলার ইঞ্জিনিয়াররা ভার্চুয়ালি থাকবেন বৈঠকে। তার আগেই রিপোর্ট পাঠানোর নির্দেশ নবান্নের বলেই সূত্রের খবর।

রবিবার সন্ধ্যাতেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। নিখোঁজদের খোঁজে সারা রাতের পর সকালেও মাচ্ছু নদীতে চলছে তল্লাশি৷ গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেতু বিপর্যয়ের তদন্তে হাই পাওয়ার কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল৷ পাশাপাশি, যে এজেন্সি সেতু সংস্কারের কাজ করেছিল, তাঁদের বিরুদ্ধেও একাধিক ধারায় মামলা করেছে গুজরাত সরকার৷

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…