
কলকাতা, ৮ নভেম্বর : মঙ্গলবার সকাল থেকে চাকরিপ্রার্থীরা ফের ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন উচ্চ প্রাথমিক, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, ২০১৪ টেট পাশ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা।
সোমবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে শহীদ মিনার ময়দানে শিখ সমাবেশে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভা ছিল বলে কলকাতা পুলিশ ওইদিন তাঁদের ধরনায় বসতে বারণ করেছিল। পুলিশের অনুরোধ মেনেই তাঁরা সোমবার ধরনায় বসেননি।
আন্দোলনকারীদের কথায়, আমরা তো পুলিশ এবং সরকারের সঙ্গে সব রকমের সহযোগিতা করছি। তাহলে সরকার আমাদের দিকে তাকাচ্ছে না কেন। এদিন সকাল থেকেই চাকরিপ্রার্থীরা ধর্মতলায় অবস্থান মঞ্চে হাজির হন। প্ল্যাকার্ড, ফেস্টুন টাঙাতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। আন্দোলনকারীরা বলেন, দাবি না মেটা পর্যন্ত আমাদের অবস্থান চলবে। এদিন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা অবস্থান মঞ্চে রাস পূর্ণিমা উপলক্ষে শুক-সারির দ্বন্দ্ব তুলে ধরেন অভিনয়ের মাধ্যমে। সেখানে শুক হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং সারি হলেন চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে ১৩৯ দিন ধরে।
