
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাই কোর্টে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মামলার শুনানিতে ফের ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছিল, কেওয়াইসি আপডেট না থাকায় অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। সোমবার মামলাটির নিষ্পত্তি করতে গিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সতর্ক করে কলকাতা হাই কোর্ট।
অভিষেকের পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, কেওয়াইসি-র সময় তাঁর মক্কেলের কোনও ছবি নেওয়া হয়নি। অভিষেক কেওয়াইসি করাবেন না—এমন কথা কখনও বলেননি। কেওয়াইসি না হলে আংশিক ফ্রিজ করা যায়। তাও নোটিশ সহ। আরবিআই গাইডলাইন মেনে কাজ করতে হবে। ব্লক কেন করা হল? প্রশ্ন তোলেন আইনজীবী ভট্টাচার্য। ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ করতে না পারে, সে বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করার আর্জিও জানান তিনি। এই প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে আইনজীবী জানান, আমরা কখনও বলিনি ওঁনাকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সশরীরে আসতে হবে। আমাদের তাঁকে উদ্দেশ্যপ্রনোদিত হেনস্তার কোনও ইচ্ছা নেই। এটা টেম্পোরারি ব্লকিং।
এই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, “যে কোনও গ্রাহকের ক্ষেত্রেই আপনারা কারোর বিরুদ্ধে পদক্ষেপ করলে আগে জানান। নির্ধারিত সময়ে কাজ না হলে তারপর ব্লক করুন। এটা কোনও সমাধান নয়।” আদালতে ব্যাঙ্ক জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড সক্রিয় করা হয়েছে। অ্যাকাউন্টও ডি-ফ্রিজ করা হয়েছে। ব্যাঙ্কের বক্তব্য শোনার পর মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারপতি রাও।
