kolkata

2 years ago

Kasba Student Death Case : কসবা থানায় ডেকে পাঠানো হচ্ছে মৃত ছাত্রের কিছু শিক্ষককে

Kasba PS (File Picture)
Kasba PS (File Picture)

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর  : কসবার স্কুলে ছাত্রের মৃত্যুর ঘটনায় এ বার কিছু শিক্ষককে থানায় ডাকতে চলেছে পুলিশ। যদিও মঙ্গলবার প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞরা এই ঘটনায় খুনের প্রমাণ পাননি বরং আত্মহত্যারই ইঙ্গিত পেয়েছেন।

ওই স্কুলের প্রধানশিক্ষক-সহ চার শিক্ষকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন মৃত ছাত্রের বাবা। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদ করার জন্য সাক্ষী হিসাবে থানায় ডেকে পাঠানো হয়েছে কসবা স্কুলের কয়েক জন শিক্ষককে। বুধবার তাদের কাছ থেকে ঘটনার দিন কী হয়েছিল তা জানতে চাওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

গত সোমবার কসবার রথতলার সিলভার পয়েন্ট হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র শেখ শানের রক্তাক্ত দেহ পাওয়া যায় স্কুলবাড়ির নীচে। এর পরেই মৃত ছাত্রের বাবা শেখ পাপ্পু কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে।

পুলিশকে তিনি জানান, তাঁর ছেলেকে মারধর করেছেন স্কুলের শিক্ষকেরা। তাতেই মৃত্যু হয়েছে তার। এমনকি, স্কুল কর্তৃপক্ষ বছরখানেক আগে তাঁকে ‘চিনে রাখার’ হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেন পাপ্পু।

বুধবার বিষয়টি খতিয়ে দেখতে কসবার ওই স্কুলে এক বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে যেতে পারে পুলিশ। সূত্রের খবর, ওই চিকিৎসকই মৃত পড়ুয়া শানের দেহের ময়নাতদন্ত করেছিলেন।

You might also like!