গরু পাচার মামলায় ইডি-র তলব, তবুও দিল্লি যাচ্ছেন না অনুব্রতের কন্যা সুকন্যা

Sukanya Mondal
Sukanya Mondal

 

কলকাতা, ২৭ অক্টোবর : গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে বৃহস্পতিবার দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে সুকন্যা এখনও ভিন্ রাজ্যে থাকায় হাজিরা দিতে যাচ্ছেন না বলেই তাঁর ঘনিষ্ঠমহল সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রের খবর, বোলপুরের বাঁধগোড়া এলাকার বাসিন্দা, সুকন্যার এক বান্ধবী মারণ রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসা করাতে বেশ কিছু দিন হল রাজ্যের বাইরে রয়েছেন সুকন্যা। এখনও ফেরেননি। সে কথাই তিনি সিবিআই-কে ই-মেল করে জানিয়েছিলেন। সেই একই কারণে ইডি-র দফতরেও তিনি হাজির হতে পারবেন না।

সিবিআই এবং ইডি-র দাবি, অনুব্রতর মেয়ে সুকন্যার সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকা অস্বাভাবিক গতিতে বেড়েছে। বোলপুরের একটি চালকলের যৌথ মালিকানাও রয়েছে তাঁর নামে। এ ছাড়াও দু’টি সংস্থার তিনি ডিরেক্টর। ব্যাঙ্কে রয়েছে কোটি টাকার বেশি ফিক্সড ডিপোজ়িট। এই সমস্ত সম্পত্তির উৎস কী, প্রাথমিকের শিক্ষিকা হয়ে কী ভাবে তাঁর এত সম্পত্তি হল, সে সমস্ত বিষয়ে যাবতীয় নথি জানতে চেয়ে সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডেকে কয়েক দিন আগে নোটিস ধরায় সিবিআই। সুকন্যাকে তলব করে তাঁরা। ভিন্ রাজ্যে থাকার কথা জানিয়ে সিবিআই-এর হাজিরা সুকন্যা এড়িয়েছেন। এবার ইডি-র হাজিরাও এড়িয়ে যাচ্ছেন তিনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…