
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পুরসভা অভিযানে শামিল হয় বিজেপির যুব মোর্চা। অভিযান ঘিরে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি কর্মীকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছে।
বিক্ষোভ কর্মসূচীর দরুন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ অবরুদ্ধ হয়ে যায়। রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। তাঁদের উঠে যেতে অনুরোধ করা হয় পুলিশের তরফে। কিন্তু পুলিশের অনুরোধ কর্ণপাত করেননি বিজেপি কর্মীরা। অভিযোগ, শেষে ‘বলপূর্বক’ বিজেপি কর্মীদের অবস্থান তোলে পুলিশ।বিক্ষোভ মিছিলের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর।
বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, ‘‘কয়েক মাসের মধ্যে ডেঙ্গি যে ভাবে বেড়েছে, তাতে রাজ্য সরকার উদাসীন। বহু মানুষ আক্রান্ত হয়েছেন, কলকাতাতেই ৫০ জন মারা গিয়েছেন। কোভিডের সময় যে ভাবে রাজ্য সরকার তথ্য কারচুপি করেছিল, এ বারও তাই হচ্ছে। কত জন আক্রান্ত হয়েছেন, কত জন মারা গিয়েছেন, কেউ জানে না।’’
সূত্রের খবর, ডেঙ্গি নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে স্মারকলিপি জমা দিতে চেয়েছিল বিজেপির যুব মোর্চা। কিন্তু যোগাযোগ ভবনের সামনে তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ।
